ঘুম থেকে উঠলেই মাথা ভার লাগে, এটা কীসের ইঙ্গিত?What does it mean if your head feels heavy when you wake up?
সকালে ঘুম থেকে ওঠার পরই যদি মাথা ভারী লাগে, ঝিমঝিম করে বা অস্বস্তি হয়, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
অনেকেই এটিকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যান। কিন্তু বারবার এমন হলে এটি শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনো সমস্যার ইঙ্গিতও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাস; এসব কারণেই সাধারণত এমন সমস্যা দেখা দেয়।
কেন হয় সকালে মাথা ভার?
সকালে ঘুম থেকে উঠার পর মাথা ভার লাগার অন্যতম প্রধান কারণ হলো ঘুমের ঘাটতি। দেরি করে ঘুমানো, অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন ব্যবহার এবং অনিয়মিত ঘুমের সময়সূচি ঘুমের গুণগত মান কমিয়ে দেয়। ফলে ঘুম থেকে উঠেও শরীর সতেজ লাগে না।
এছাড়া শরীরে জলের অভাব (ডিহাইড্রেশন) থাকলেও এমনটা হতে পারে। রাতভর পানি না খাওয়ার কারণে শরীর কিছুটা ডিহাইড্রেটেড হয়ে পড়ে, যা সকালে মাথা ভার লাগার কারণ হতে পারে।
কোন কোন শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে?
বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার পেছনে আরও কিছু শারীরিক কারণ থাকতে পারে, যেমন—
১. সাইনাসের সমস্যা
২. মাইগ্রেন
৩. উচ্চ রক্তচাপ
৪. রক্তাল্পতা (অ্যানিমিয়া)
৫. হরমোনের ভারসাম্যহীনতা
এসব সমস্যার কারণে সকালে মাথা ভার, ঝিমুনি বা ক্লান্তি অনুভূত হতে পারে।
তবে, শুধু শারীরিক সমস্যা নয়; কিছু দৈনন্দিন অভ্যাসও এ ক্ষেত্রে ভূমিকা রাখে—
১. ভুল বালিশ ব্যবহার বা ভুল ভঙ্গিতে ঘুমানো
২. অতিরিক্ত ক্যাফিন গ্রহণ
৩. রাতে ভারী খাবার খাওয়া
৪. অতিরিক্ত মানসিক চাপ
এসব কারণে ঘাড় ও মাথায় চাপ পড়ে, যা সকালে অস্বস্তি বাড়িয়ে দেয়।
কেন বিষয়টি গুরুত্ব দেওয়া জরুরি?
সকালে মাথা ভার লাগলে শুধু যে অস্বস্তি হয় তা নয়, সারাদিনের কাজের উপরও এর প্রভাব পড়ে। কাজের গতি কমে যায়, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
তাই এ ধরনের সমস্যা নিয়মিত হলে তা এড়িয়ে না গিয়ে কারণ খুঁজে বের করা জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ।
সকালের শুরুটা সতেজ না হলে পুরো দিনটাই মলিন হয়ে যেতে পারে। তাই ঘুম, খাবার ও জীবনযাপনে ছোট ছোট পরিবর্তন আনলেই এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।সূত্র : এই সময়
Post a Comment