বেতন বৈষম্য কমাতে সরকারের বড় উদ্যোগ/Government's big initiative to reduce wage inequality
দীর্ঘদিনের অপেক্ষার পর ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এ পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন।
বিশেষ করে কম বেতনে কর্মরতদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন স্তরের বেতনের ব্যবধান কমিয়ে আনাই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য। সম্প্রতি সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বেতন কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বাড়তি সুবিধা নিশ্চিত করার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত হিসাব অনুযায়ী, প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বাড়লে দাঁড়াতে পারে ১ লাখ ১৭ হাজার টাকায়।
দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকার বেতন বেড়ে সম্ভাব্য ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকায় পৌঁছাতে পারে।
তৃতীয় গ্রেডে বর্তমান ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়ে হতে পারে ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। চতুর্থ গ্রেডের বেতন ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে সম্ভাব্য ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকায় উন্নীত হতে পারে।
এ ছাড়া পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত চাকরিজীবীদের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের আভাস রয়েছে। ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হলে এসব গ্রেডের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডে যদি ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হয়, তাহলে ১১তম গ্রেডের বেতন ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে ১২তম, ১৩তম, ১৪তম ও ১৫তম গ্রেডেও কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনা।
যদি ১১তম থেকে ২০তম গ্রেডে বেসিক দ্বিগুণ করা হয়, তাহলে ১১তম গ্রেডের বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৪৬০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। একইভাবে ১২তম গ্রেডের বেতন দাঁড়াতে পারে ২২ হাজার ৬০০ থেকে ৫৪ হাজার ৬০০ টাকা।//কালের কণ্ঠ//
Post a Comment